স্ফুলিঙ্গ ডেক্স :
কিশোরগঞ্জের ভৈরবে এক অদ্ভুত কাণ্ড ঘটেছে। চলন্ত সিএনজিচালিত অটোরিকশার আগুন নেভাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছে বিপুল পরিমাণ মাদক। অটোরিকশার ইঞ্জিনের ভেতর থেকে ১০ বান্ডিল গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকালে ভৈরব পৌর শহরের চণ্ডিবের উত্তরপাড়া প্রাইমারি স্কুলের সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে একটি চলন্ত অটোরিকশায় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। বিপদ দেখে স্থানীয়রা দ্রুত আগুন নেভাতে এগিয়ে আসেন। অটোরিকশার পেছনের সিট ও ইঞ্জিনের অংশ খোলার পর সবার চোখ কপালে ওঠে। সেখানে কালো পলিথিনে মোড়ানো ৯টি অক্ষত বান্ডিল এবং একটি ছেঁড়া অবস্থায় মোট ১০টি গাঁজার বান্ডিল পাওয়া যায়।
গাড়িতে মাদক থাকার বিষয়টি জানাজানি হতেই অটোরিকশা ফেলে কৌশলে সটকে পড়েন চালক। আগুনের ভয় ছাপিয়ে এখন এলাকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই অভিনব কায়দায় মাদক পাচার।
খবর পেয়ে ভৈরব থানার এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা ও গাঁজা জব্দ করেন। পুলিশ জানায়, সেখানে আনুমানিক ১৯ কেজি গাঁজা পাওয়া গেছে। ইঞ্জিনের গরম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে এবং পলাতক চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। ছবি সংগৃহীত।

