স্ফুলিঙ্গ রিপোর্ট :
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে ‘গজাল ইমন’ (২৩)-কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দিবাগত গভীর রাতে নগরীর রায়েরমহল ও মহেশ্বরপাশা এলাকায় এই রুদ্ধশ্বাস অভিযান চালানো হয়।
কেএমপি সূত্র জানায়, দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস টিম ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে রায়েরমহল এলাকা থেকে গজাল ইমনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাত সাড়ে ৪টার দিকে মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালায় পুলিশ।
সন্ত্রাসী ইমনের দেওয়া তথ্যমতে তার গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয়, ২টি ওয়ান শ্যুটার গান,১টি অত্যাধুনিক পিস্তল,১টি ম্যাগাজিন,১ রাউন্ড পিস্তলের কার্তুজ,৪ রাউন্ড ওয়ান শ্যুটার গানের কার্তুজ।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত ইমন হাওলাদার ওরফে গজাল ইমন দৌলতপুর থানার মহেশ্বরপাশা বুচিতলা এলাকার আলমগীর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র আইন, দস্যুতা ও চুরিসহ অন্তত ৭টি গুরুতর মামলা রয়েছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।
গ্রেফতারকৃত এই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে মামলা রুজু করা হয়েছে এবং অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কেএমপি পুলিশ জানিয়েছে, নগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
ছবি-সংগৃহীত


