স্বপ্ন ছিল বিয়ের পিঁড়িতে বসার, ফিরছেন কফিনে : ওমানে বাংলাদেশের ৪ ভাইয়ের মৃত্যুতে কান্নার রোল

স্বপ্ন ছিল বিয়ের পিঁড়িতে বসার, ফিরছেন কফিনে : ওমানে বাংলাদেশের ৪ ভাইয়ের মৃত্যুতে কান্নার রোল

স্ফুলিঙ্গ ডেক্স :

আর মাত্র কয়েক দিন পরেই ওমান থেকে দেশে ফেরার কথা ছিল তাদের। এক ভাইয়ের বিয়ের কেনাকাটা সেরে হাসিমুখে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন চার ভাই। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিলো গভীর শোকে। ওমানের মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার সহোদরের।

নিহতরা হলেন—রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা। তারা সবাই জীবিকার তাগিদে ওমানে অবস্থান করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের আগামী ১৫ মে দেশে ফেরার কথা ছিল। একজনের বিয়ে ঠিক হওয়ায় তারা মঙ্গলবার (১২ মে) রাতে কেনাকাটা করতে বের হন। ধারণা করা হচ্ছে, কেনাকাটা শেষে ক্লান্ত অবস্থায় গাড়ির ভেতর এসি চালিয়ে তারা ঘুমিয়ে পড়েছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এসি বিস্ফোরণ কিংবা গ্যাস লিকেজজনিত বিষক্রিয়ায় ঘুমের মধ্যেই তাদের মৃত্যু হয়েছে।

ঘটনাটি মঙ্গলবার রাতের দিকে ঘটলেও বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে ওমান পুলিশ এসে গাড়ি থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহগুলো ওমানের রুস্তাক থানার হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মাস্কাটে স্থানান্তরের কথা রয়েছে। বৃহস্পতিবার তাদের আরেক ভাই এনামুল ইসলাম এই হৃদয়বিদারক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই পরিবারের চার ছেলের এমন আকস্মিক মৃত্যুতে লালানগর ইউনিয়নে শোকের মাতম চলছে। প্রতিবেশী ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে ওই এলাকার আকাশ-বাতাস। মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *