স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ফারুকী আজম মোঃ আব্দুস সালামের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় ও যশোর জেলা শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আজ সোমবার দুপুর ১২টায় যশোর শিক্ষা বোর্ডে চেয়ারম্যানের নিজ কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বোর্ডের সার্বিক শিক্ষা কার্যক্রমের সাফল্যে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মকবুল হোসেন। এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন বাকশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এবাদত হোসেন খান, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও যশোর জেলার সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আমিনুর রহমান মধু এবং কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এম আসাদুজ্জামান শাহীন।
এছাড়াও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা ও শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করে এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন অধ্যক্ষ ফয়সাল হোসেন পান্নু, সহকারী অধ্যাপক আবু নাসের বকুল, প্রভাষক বাবলু, প্রভাষক মিজানুর রহমান মিলন এবং প্রভাষক আবুল হাসানসহ সংগঠনের বিভিন্ন স্তরের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে বাকশিস নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ফারুকী আজম মোঃ আব্দুস সালামের মেধা ও দূরদর্শিতার প্রশংসা করেন এবং তাঁর নেতৃত্বে যশোর শিক্ষা বোর্ডের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে বোর্ডের সার্বিক উন্নয়নে শিক্ষক সমাজের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। চেয়ারম্যান মহোদয়ও তাঁর কার্যালয়ে আগত শিক্ষক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষার মান বাড়াতে শিক্ষক সমাজকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।


