স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মণিরামপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আক্তারুজ্জামান (৩০) নামে এক স্থানীয় সাংবাদিকের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বর্বরোচিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৮ জুন ২০২৬) সকাল ৬টার দিকে মণিরামপুর উপজেলার দোলখোলা মোড় সংলগ্ন একটি মাছের ঘেরের পাশে এই হামলার ঘটনা ঘটে।
আহত আক্তারুজ্জামান উপজেলার মোহনপুর গ্রামের মৃত মোমিনুজ্জামানের ছেলে। তিনি মণিরামপুর উপজেলা সদর ও এর আশপাশে দীর্ঘদিন ধরে মফস্বল সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ বাড়ি থেকে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে কর্মস্থলে যাচ্ছিলেন আক্তারুজ্জামান। পথিমধ্যে তিনি দোলখোলা মোড় এলাকায় পৌঁছালে পূর্ব বিরোধের জেরে ওৎ পেতে থাকা দুর্গাপুর গ্রামের আজগার আলীর ছেলে বাপ্পি হোসেন (২৭) তার পথরোধ করেন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই বাপ্পি ও তার সহযোগীরা সাংবাদিক আক্তারুজ্জামানকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারপিট শুরু করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ডান পায়ের হাঁটুর নিচে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করা হয়।
তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ও মাঠের কৃষকেরা ছুটে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের পরিবার জানিয়েছে, পূর্ব শত্রুতা ও সাংবাদিকতার কারণে ক্ষিপ্ত হয়ে বাপ্পি এই সুপরিকল্পিত হামলা চালিয়েছে। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত বাপ্পি হোসেনকে গ্রেফতার করতে পুলিশের অভিযান শুরু হয়েছে।ফাইল ছবি সংগৃহীত।


