স্ফুলিঙ্গ রিপোর্ট :
তরুণ শিক্ষার্থীদের নতুন নতুন আইডিয়া আর বিজ্ঞানের চমক নিয়ে যশোরে শেষ হলো জেলা পর্যায়ের ‘প্রকল্প উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’ মেলা। “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই লক্ষ্যকে সামনে রেখে রোববার সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বসেছিল খুদে বিজ্ঞানীদের এই মেলা। জেলা প্রশাসনের এই আয়োজনে যশোরের ৮টি উপজেলার সেরা ৮টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের তৈরি করা বিভিন্ন প্রজেক্ট তুলে ধরে।
বিজ্ঞান ও প্রযুক্তির এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিচারকদের মন জয় করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট। মেলায় চমৎকার পারফর্ম করে দ্বিতীয় স্থানটি লুফে নিয়েছে শার্শার আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় পুরস্কার গেছে ঝিকরগাছার বদরুদ্দিন মুসলিম হাইস্কুলের ঝুলিতে।
বিকেলে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি, মেডেল ও সার্টিফিকেট তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন.সরকারি এমএম কলেজের সহকারী অধ্যাপক নাহিদ নেওয়াজ ও জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। এছাড়া বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় শিক্ষাবিদরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বক্তারা জানান, মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে শিক্ষার্থীদের এমন সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনা আগামী দিনে দেশের প্রযুক্তি খাতকে আরও সমৃদ্ধ করবে। তরুণদের এই উদ্ভাবনী মেধা ধরে রাখতে প্রতি বছরই এমন বড় আসর বসা প্রয়োজন।ছবি সংগৃহীত।

