ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ঘেরাও : টাকা না পেয়ে আমানতকারীদের বিক্ষোভ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ঘেরাও : টাকা না পেয়ে আমানতকারীদের বিক্ষোভ

স্ফুলিঙ্গ ডেক্স :

চট্টগ্রামের খাতুনগঞ্জে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের করপোরেট শাখায় গচ্ছিত টাকা ফেরত না পেয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শতাধিক আমানতকারী। রোববার (৩ মে) দুপুরে আমানতকারীরা ব্যাংকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে শাখাটি ঘেরাও করে তালা দেওয়ার চেষ্টা চালান। দীর্ঘক্ষণ টাকা আটকে থাকায় কর্মকর্তাদের সঙ্গে আমানতকারীদের তীব্র বাগ্‌বিতণ্ডা হয়।

বিক্ষোভ চলাকালে এক আমানতকারী ক্ষোভের সঙ্গে বলেন, “বাপকে বিশ্বাস করি নাই, স্ত্রীকে বিশ্বাস করি নাই, আপনাদের বিশ্বাস করে টাকা দিছি। আমার টাকা কেন দিতে পারবেন না”। অবসরপ্রাপ্ত চাকরিজীবী শাহীনুর বেগম অভিযোগ করেন যে, কর্মকর্তাদের বেতন-বোনাস ঠিকই চলছে, কিন্তু আমানতকারীরা নিজেদের টাকা চাইলে শুধু সময় ক্ষেপণ আর মুনাফা কেটে রাখার (হেয়ার কাট) কথা বলা হচ্ছে। এর আগে সকালে আমানতকারীরা একই দাবিতে ইউনিয়ন ব্যাংকেও তালা ঝুলিয়ে দিয়েছিলেন, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ মোট পাঁচটি ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে, যেখানে প্রায় ৭৫ লাখ আমানতকারীর ১ লাখ ৩১ হাজার কোটি টাকা জমা আছে। গত ১৪ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২০২৪ ও ২০২৫ সালের জন্য আমানতের মুনাফা কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে এবং শেয়ারের মূল্য ঋণাত্মক হয়ে পড়ায় বিনিয়োগকারী ও আমানতকারীরা ক্ষতির মুখে পড়েছেন। ব্যাংকটির শাখা ব্যবস্থাপক কে এম আবু সাঈদ জানিয়েছেন, আমানতকারীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  ছবি ভিডিও থেকে নেয়া।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *