স্ফুলিঙ্গ রিপোর্ট :
দীর্ঘদিন ধরে সরু রাস্তায় যাতায়াতের চরম ভোগান্তি পোহানো চাঁচড়া ও রাজগঞ্জবাসীর জন্য এলো বহু প্রতীক্ষিত স্বস্তির খবর। যশোর শহরের চাঁচড়া আরএইচডি থেকে মণিরামপুরের রাজগঞ্জ জিসি সংযোগ সড়কের চার কিলোমিটার (চার হাজার মিটার) অংশ প্রশস্ত ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এ মেগা সংস্কার কাজের শুভ ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “তিন বছর আগে এ সড়কটি সংস্কার করা হলেও প্রয়োজনের তুলনায় তা ছিল বেশ সংকীর্ণ। ফলে আশপাশের মানুষ এর প্রকৃত সুফল পাচ্ছিলেন না। আজ চার কিলোমিটার অংশ বড় করার কাজ শুরু হওয়ায় এই পুরো এলাকার পুরো যোগাযোগচিত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।”
জনসেবার প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রতিমন্ত্রী আরও বলেন, “আল্লাহ পরম করুণাময় আমাকে সাধারণ মানুষের কল্যাণ সাধনের তৌফিক দিয়েছেন। কোনো ভেদাভেদ বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্ব থেকে আমি সবসময় জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই, ইনশাআল্লাহ।”
প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় ভাতুড়িয়া, চাঁচড়া মধ্যপাড়া, চাঁচড়া মোমিনপাড়া, দাঁড়িপাড়া, কালাবাগা ও রূপদিয়ার একাংশসহ মণিরামপুরের রাজগঞ্জ অঞ্চলের লক্ষাধিক মানুষের যাতায়াতে নতুন গতির সঞ্চার হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ আঞ্চলিক সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।


