স্ফুলিঙ্গ ডেক্স :
গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসের টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ইমাদ পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস মালেকের বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের একটি টায়ার ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী কমবেশি আহত হন।
খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। আহতদেরকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বাসের গতি বেশি থাকায় টায়ার বাস্ট হওয়ার পর চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো মৃতদেহ উদ্ধার হয়নি। ফাইল ছবি।


