চালুর ১৫ ঘণ্টার মাথায় বয়লার টিউব ফেটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

চালুর ১৫ ঘণ্টার মাথায় বয়লার টিউব ফেটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

স্ফুলিঙ্গ ডেক্স :

দীর্ঘ মেরামতের পর চালু হওয়ার মাত্র ১৫ ঘণ্টার মাথায় আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট। কোল মিল মেরামতের পর শুক্রবার রাতে উৎপাদন শুরু হলেও শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে বয়লারের টিউব ফেটে যাওয়ায় আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ কেন্দ্রটির মহাব্যবস্থাপক আবু বক্কর জানান, কেন্দ্রটির যন্ত্রাংশ অত্যন্ত পুরাতন হওয়ায় বারবার কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে। গত বুধবার (২২ এপ্রিল) কয়লার সঙ্গে আসা পাথরের কারণে কোল মিল ক্ষতিগ্রস্ত হলে ইউনিটটি বন্ধ হয়ে গিয়েছিল। স্থানীয় প্রকৌশলীদের চেষ্টায় মেরামতের পর শুক্রবার রাত ৯টায় উৎপাদন শুরু হয়। কিন্তু রাত ৩টার দিকে বয়লারের টিউব ফেটে গেলে আবারও উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, বয়লারের ভেতরে প্রায় এক হাজার ডিগ্রি তাপমাত্রা থাকে। এটি পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত ভেতরে ঢুকে কাজ করা সম্ভব নয়। বয়লার ঠান্ডা হওয়ার পর মেরামত সম্পন্ন করতে অন্তত ৫ থেকে ৬ দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াটের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই অকেজো। ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটটিও গত অক্টোবর থেকে বন্ধ রয়েছে। তবে চীনা কোম্পানির তত্ত্বাবধানে ৩ নম্বর ইউনিটের ওভারহোলিং কাজ শেষ হয়েছে এবং আশা করা হচ্ছে মে মাসের মধ্যে এটি উৎপাদনে ফিরবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *