স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কিস্তির আওতায় খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে ২০ লাখ ৬৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) বেলা ১১টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুদানপ্রাপ্তদের মধ্যে খুলনার ২২ জন, যশোরের ১৫ জন, সাতক্ষীরার ১২ জন, নড়াইলের ১২ জন এবং বাগেরহাটের ৯ জন সাংবাদিক রয়েছেন।
যশোরের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাতক্ষীরার আবু সাঈদ বিশ্বাস,খুলনার মাকসুদ আলী ও নড়াইলের হুমায়ুন কবির রিন্টুসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন,দলীয় বিবেচনা নয়, যাচাই-বাছাই শেষে প্রকৃত সাংবাদিকদের অনুদান দেওয়া হচ্ছে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকদের কল্যাণে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।
এ সময় সাংবাদিক নেতারা চিকিৎসা ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের পরিমাণ বাড়ানোর দাবি জানান।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে সারাদেশে ৫০৩ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে মোট ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হবে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন


