সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় গোপন গোডাউন ঘরে অভিযান চালিয়ে ৪১ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাতে উপজেলার কেরাগাছি ইউনিয়নের গোয়ালচাতার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শিমুল হোসেন (৩৫)। তিনি গোয়ালচাতর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গভীর রাতে কলারোয়ার গোয়ালচাতার গ্রামের একটি গোডাউন দোকানে মাদক কেনাবেচা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। রাত আড়াইটার দিকে ওই এলাকার মোঃ রাশেদ আলীর গোডাউন দোকানের ভেতরে তল্লাশি চালিয়ে শিমুল হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৪১ বোতল ফেনসিডিল সাদৃশ্য কাশির সিরাপ উদ্ধার করা হয়।
এই ঘটনায় কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে কড়া পুলিশি পাহারায় সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে। ছবি সংগৃহীত।


