স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক চৌকস টিমের ঝটিকা অভিযানে ৩০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহাগ হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে যশোর কোতোয়ালী থানাধীন হামিদপুর সংলগ্ন সঞ্জিতের চায়ের দোকানের সামনে নড়াইল-যশোর মহাসড়কের ওপর বাস চেকপোস্ট পরিচালনাকালে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহাগ হোসেন যশোর কোতোয়ালী থানার আরবপুর ইউনিয়নের পতেঙ্গালী গ্রামের মো. মহসীন খাঁ ও মোছা. মর্জিনা খাতুনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই শিবু মন্ডলের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের একটি টিম হামিদপুরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস লিমিটেড’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সোহাগ হোসেনকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার (৩১ জুলাই ২০২৬) গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

