ছবি সংগৃহীত
স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে কালে ৫৬ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়েছে। এ সময় সার পরিবহনের কাজে নিয়োজিত একটি নসিমন ও তার চালককে আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু এঅভিযানে নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন এবং অভয়নগর থানা পুলিশের একটি দল।
উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান,নওয়াপাড়া পীরবাড়ি ঘাট থেকে দেশ ট্রেডার্সের ৪’শ বস্তা সার রাজ ট্রান্সপোর্টের ট্রাকে করে যশোর বাফার গোডাউনে নিয়ে যাওয়ার সময় ট্রাকচালক পথিমধ্যে নওয়াপাড়া স্টেশন বাজারের ঢালাই রাস্তার পাশে ৬ বস্তা ইউরিয়া সার ভ্যানে করে সরিয়ে নেয়ার চেষ্টা করছিলেন। ট্রাক চালক দাবি করেন,তার গাড়িতে ৪’শ ৬ বস্তা সার রয়েছে। অতিরিক্ত ৬ বস্তা সার তিনি ৩ হাজার টাকায় ক্রয় করেছেন। কিন্তু পরক্ষনেই তিনি আবার বলেন,এই সার অতিরিক্ত লোড হওয়ার কারণে যথাযথ স্থানে ফেরত দেয়ার জন্য নামানো হয়েছে।এরপর কৌশলে ট্রাকচালক ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে চম্পট দেয়। পরবর্তীতে ৬বস্তা সার জব্দ করা হয়।
এছাড়া জগো বাবুর মোড় এলাকায় একটি নসিমন তল্লাশি করে সেখান থেকে আরও ৫০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। তবে এই ৫০ বস্তা সার কোথা থেকে এলো তার সদুত্তর জানাতে পারেনি নসিমন চালক।উদ্ধার করা মোট ৫৬ বস্তা সার উপজেলা কৃষি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।এ ঘটনায় আটক নসিমন চালককে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কৃষি কর্মকর্তা লাভলী খাতুন ।
