৩৬ শিশুর মৃত্যুতে অবহেলার অভিযোগ : ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে নালিশি মামলা

৩৬ শিশুর মৃত্যুতে অবহেলার অভিযোগ : ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে নালিশি মামলা

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই আবেদনটি করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা।

মামলায় অভিযুক্ত হিসেবে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আসামিদের তালিকায় রয়েছেন সাবেক শিক্ষা সচিব, প্রতিরক্ষা সচিব, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, মাইলস্টোন স্কুলের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী এবং অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমসহ আরও বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তা।

২০২৫ সালের ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ৩৬ জন প্রাণ হারান, যাদের অধিকাংশই ছিল ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী। পরবর্তীতে তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছিল, প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। তবে মামলার আবেদনটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত বা আদেশ পরবর্তীতে প্রদান করবেন বলে জানিয়েছেন বিচারক। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *