বিশ্বাস শিহাব পারভেজ মিঠু :
প্রস্তাবিত জেলা কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুরে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী সহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে মহিপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন— মোঃ রফিক হাওলাদার (৪২), মোঃ কুদ্দুস হাওলাদার (৩৫), উভয়ের পিতা মৃত হাসেম হাওলাদার, মাতা মোসাঃ কদবানু, বাড়ি বিপিনপুর, ওয়ার্ড নং-০৪, থানা মহিপুর।
এছাড়া মোঃ শাহ আলম (২০) ও মোসাঃ শারমিন বেগম (১৯), উভয়ের পিতা মৃত আলম গাজী, মাতা মোসাঃ লাইলী বেগম, বাড়ি নাওয়াপাড়া, ইউপি লালুয়া, থানা কলাপাড়া, জেলা পটুয়াখালী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মহিপুর থানায় একটি জিআর মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় রুজু করা হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।


