সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় উড়ল প্রাইভেটকার: ৪ ক্রিকেটার আহত

সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় উড়ল প্রাইভেটকার: ৪ ক্রিকেটার আহত

স্ফুলিঙ্গ রিপোর্ট : খুলনার আফিলগেট এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিরোমনি গ্রামের একদল যুবক মশিয়ালী গ্রামের একটি মাঠে ক্রিকেট অনুশীলন শেষে প্রাইভেটকারযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে আফিলগেট এলাকার একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় গাড়িটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

ছবি সংগৃহীত।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—শিরোমনি গ্রামের অমিত (২০), সামি (২১) ও মিম (২২)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে অমিত ও সামিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মিমসহ অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খানজাহান আলী থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেলক্রসিংটি অরক্ষিত থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। খুলনা রেলওয়ে থানার ওসি ফেরদৌস ইসলাম খান জানিয়েছেন, দুর্ঘটনার কিছু সময় পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে এবং দুর্ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *