স্ফুলিঙ্গ ডেক্স : মাদারীপুর সদর উপজেলায় সরকারি ফিডিং কার্যক্রমের আওতায় দেওয়া টিফিন খেয়ে অন্তত ৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মেয়াদোত্তীর্ণ পাউরুটি ও পচা ডিম খাওয়ার পর থেকেই শিশুদের মধ্যে বমি ও তীব্র পেটব্যথা শুরু হয়। বুধবার (৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নসহ আশেপাশের এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। বর্তমানে ৬ জন শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, ‘সমতা ট্রেডার্স’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিদ্যালয়গুলোতে টিফিন হিসেবে পাউরুটি ও ডিম সরবরাহ করে। টিফিন খাওয়ার কিছুক্ষণ পরই পোকরারচর, রাজারচর, হাউজদি ও করদিসহ অন্তত ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অসুস্থতা ছড়িয়ে পড়ে। কোনো কোনো শিশু যন্ত্রণায় মাঠেই লুটিয়ে পড়ে। এই খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয়গুলোতে ভিড় করেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের শাস্তির দাবি জানান।
মাদারীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়াদোত্তীর্ণ খাবার সরবরাহ করায় শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। তিনি আরও জানান, এর আগেও খাবার সরবরাহকারী ডিলারদের সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা সেই নির্দেশ তোয়াক্কা করেনি। বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বর্তমানে পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির ছয়জন শিক্ষার্থী—আনিকা, জামিলা, রাহিমা, মীম, রাবেয়া ও তাবাসসুম হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) কারণে এমনটি হয়েছে। ফাইল ছবি।

