স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নাম ব্যবহার করে কোনো প্রকার পেশিশক্তি প্রদর্শন, চাঁদাবাজি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। মঙ্গলবার (৫ মে ২০২৬) এক বিশেষ সতর্কবার্তায় সকল স্তরের নেতাকর্মীদের এই কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি যৌথভাবে এই নির্দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে সংগঠনের পদধারী বা পরিচয় ব্যবহার করে কতিপয় ব্যক্তির দখল-বাণিজ্য, টেন্ডার সন্ত্রাস এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা প্রদানের মতো অনৈতিক কর্মকাণ্ডের খবর কেন্দ্রীয় কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
সংগঠনটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামরত এই দল কোনো অবস্থাতেই আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজকে প্রশ্রয় দেবে না। সংগঠনের সুনাম ক্ষুণ্নকারী ব্যক্তিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দকে তাদের অধীনস্থ ইউনিটগুলোর ওপর কঠোর নজরদারি রাখতে হবে। যদি কোথাও কোনো নেতার দায়িত্ব পালনে অবহেলা বা শৈথিল্য পরিলক্ষিত হয়, তবে এর দায়ভার সংশ্লিষ্ট জেলা ও মহানগর নেতৃবৃন্দকেই নিতে হবে। যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এই সতর্কবার্তাটি তৃণমূল পর্যন্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ফাইল ছবি।


