স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা উপজেলার নাভারন-কচুমরা এলাকায় বেপরোয়া গতির এক অজ্ঞাত বাসের ধাক্কায় রাহাত (২১) নামের এক তরুণ ট্রলি চালক গুরুতরভাবে আহত হয়েছেন। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহত রাহাত উপজেলার ছোট মান্দারতলা গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাইওয়ে ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রাহাত তাঁর মালবোঝাই ট্রলিটি চালিয়ে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রলিটি কচুমরা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ও অনিয়ন্ত্রিত যাত্রীবাহী বাস ট্রলিটিকে সজোরে ধাক্কা দিয়ে পিষে দিয়ে চলে যায়। বাসের তীব্র ধাক্কায় ট্রলিটি দুমড়েমুচড়ে যায় এবং চালক রাহাত পিচঢালা সড়কের ওপর ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা রক্তাক্ত অবস্থায় রাহাতকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ফাইল ছবি সংগৃহীত।


