স্ফুলিঙ্গ ডেক্স : রাজবাড়ীর কালুখালীতে ট্রেনের ছাদে চড়ে ভ্রমণের সময় রেলওয়ে ব্রিজের সঙ্গে প্রচণ্ড ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী লোকাল (শাটল) ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, পোড়াদহ থেকে ছেড়ে আসা ট্রেনটি দুপুর ২টার দিকে কালুখালীর কালিকাপুর রেলওয়ে ব্রিজে পৌঁছালে ছাদে থাকা ওই যুবক ব্রিজের কাঠামোর সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মরদেহটি ট্রেনের ছাদেই পড়ে থাকে। দুপুর ২টা ৩৮ মিনিটে ট্রেনটি কালুখালী জংশন স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি নিচে নামানো হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ট্রেন চলাচল প্রায় ১২ মিনিট বিলম্বিত হয়।
কালুখালী সহকারী স্টেশন মাস্টার রতন সেন জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশের পর ছাদের ওপর মরদেহ দেখে দ্রুত রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, যাত্রীদের তথ্যমতে যুবকটি পাংশা স্টেশন থেকে দৌড়ে ট্রেনের ছাদে উঠেছিলেন। বর্তমানে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ছবি-সংগৃহীত


