আন্তর্জাতিক ডেস্ক | ২৫ মার্চ ২০২৬
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাত নিরসনে এবং শান্তি চুক্তিতে পৌঁছাতে পাঁচটি কঠোর শর্ত দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই দাবিগুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে তেহরান। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানি কর্মকর্তাদের উত্থাপিত প্রধান শর্তগুলো হলো: ১. যুদ্ধ বন্ধের স্থায়ী নিশ্চয়তা: ইরান এমন এক নিশ্চয়তা চায় যাতে ভবিষ্যতে নতুন করে আর কোনো সংঘাত শুরু না হয়। ২. হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ: হরমুজ প্রণালির জন্য এমন একটি নতুন ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে, যেখানে কার্যত ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। ৩. মার্কিন ঘাঁটি বন্ধ: মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি বন্ধ করার দাবি জানিয়েছে ইরান। ৪. আর্থিক ক্ষতিপূরণ: যুদ্ধের কারণে ইরানের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ৫. সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও তাদের কর্মীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ অথবা তাদের ইরানের কাছে হস্তান্তরের শর্ত দেওয়া হয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরে ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এবার ইরান বিষয়টি বেশ গুরুত্বের সাথে দেখছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের নিয়মিত হামলা-পাল্টা হামলা চলছে, যা পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা


