যশোরে আমেরিকা-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

স্ফুলিঙ্গ রিপোর্ট :
মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়ানবাদী ইসরাইলের ইরানে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে মাওলানা ভাসানী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।


সংগঠনের জেলা সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, জেলা সম্পাদক তসলিমুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সাধারণ সম্পাদক যোগেষ চন্দ্র দত্ত, নারী সংগঠক বর্ণালী সরকার, সাংস্কৃতিক নেতা আনোয়ারুল করিম সোহেল, আইডিইবির জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ইরানের তেল সম্পদের ওপর আধিপত্য বিস্তারের লক্ষ্যে অন্যায়ভাবে ইসরাইলকে সঙ্গে নিয়ে ইরানে হামলা চালাচ্ছে। এতে ইরানের রাজনৈতিক নেতা, নারী ও শিশুসহ অসংখ্য মানুষ নিহত হচ্ছে এবং নগর জনপদ, যোগাযোগ ব্যবস্থা ও তেলক্ষেত্রে একের পর এক হামলা করা হচ্ছে।
তারা আরও বলেন, ইরান প্রতিরোধ গড়ে তুললেও পরাশক্তির বিরুদ্ধে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। সম্প্রতি যুদ্ধবিরতির পরও পুনরায় ইসরাইলের হামলা চালানোকে ‘প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন বক্তারা।
মানববন্ধন থেকে অন্যায় এ হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি, ইউনুস সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের অসম চুক্তি বাতিলেরও আহ্বান জানান বক্তারা।

ছবি সংগৃহীত ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *