মাটির কলসে মিলল ১৩১ বোতল কোরেক্স! নিষিদ্ধ কফ সিরাপসহ শংকরপুরের মশিউল আটক

মাটির কলসে মিলল ১৩১ বোতল কোরেক্স! নিষিদ্ধ কফ সিরাপসহ শংকরপুরের মশিউল আটক

শহিদ জয়:

যশোরের শহরতলী ও চৌগাছা উপজেলায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আমদানিনিষিদ্ধ ভারতীয় কফ সিরাপ কোরেক্স ও এসকাফ উদ্ধার করেছে র‌্যাব এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় অভিনব কায়দায় মাদক মজুদের দায়ে দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) দিনগত রাত এগারোটার দিকে যশোর শহরের শঙ্করপুর এলাকায় এবং একই দিন সকালে চৌগাছার মনমতপুর এলাকায় এই অভিযান দুটি চালানো হয়।

মাটির নিচ থেকে বেরুলো ৫টি কোরেক্সের কলস

র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্র জানায়, মঙ্গলবার রাত এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের শঙ্করপুর জমাদ্দার পাড়া ছোটনের মোড় এলাকায় একটি চৌকস আভিযানিক দল অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে মো. মশিউল আলম (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তীতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হলে সে তার বাড়ির আঙিনায় মাটির নিচে মাদক লুকিয়ে রাখার কথা স্বীকার করে।

র‌্যাব সদস্যরা মশিউলের দেখানো স্থান খুঁড়ে মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা ৫টি বড় মাটির কলস উদ্ধার করেন। কলসগুলো ভাঙতেই ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ কোরেক্স সিরাপ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মশিউল আলম শঙ্করপুর এলাকার তফসির উদ্দিন বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, মশিউল পূর্বে নিজে তীব্র মাদকাসক্ত ছিলেন। পরবর্তীতে তিনি নিজেই কোরেক্স সিরাপের বড় কারবার শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি মাটির নিচে কলস পুঁতে মাদক মজুদের এই অভিনব পদ্ধতি বেছে নিয়েছিলেন।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স জানান, “আটক মশিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর ধারায় মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

চৌগাছায় ডিবির ধাওয়ায় এসকাফসহ আটক ১, পলাতক ১

এদিকে, একই দিন সকালে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের মনমতপুর ভাটাপাড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ডিবির টিম পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশ ধাওয়া করে আতিয়ার মন্ডল (৪২) নামের এক মাদক কারবারিকে ধরে ফেললেও বিপুল (৩৫) নামের অপর এক কারবারি সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক আতিয়ারের হাতে থাকা একটি নাইলনের ব্যাগ তল্লাশি করে ৪২ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।

আটক আতিয়ার মন্ডল শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের সুলতান মন্ডলের ছেলে এবং পলাতক বিপুল চৌগাছা উপজেলার মাশিলা এলাকার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।

ডিবি পুলিশ জানিয়েছে, চৌগাছার এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আজ বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *