মাংস ভাগাভাগি নিয়ে লংকাকান্ড : গোলাগুলি : আহত ২৫

মাংস ভাগাভাগি নিয়ে লংকাকান্ড : গোলাগুলি : আহত ২৫

স্ফুলিঙ্গ রিপোর্ট :  ২৪ মার্চ, ২০২৬

ঈদের আনন্দ বিষাদে রূপ নিল নড়াইলের কালিয়ায়। পশুর মাংস ভাগাভাগির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হলো কালিয়া উপজেলার নোয়াগ্রাম। সোমবার রাতে আধিপত্য বিস্তারের পুরনো জেরে ‘শেখ’ ও ‘মোল্যা’ বংশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে। এতে ছররা গুলিতে বিদ্ধসহ অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছেন।

 এলাকায় প্রভাব বিস্তার নিয়ে মাহবুবুর রহমান শেখ এবং খাইরুল মোল্যার সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত শনিবার কোরবানি করা পশুর মাংস বণ্টন নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। সেই আগুনেই ঘি ঢালে সোমবার রাতের সশস্ত্র সংঘাত। রাত সাড়ে ৮টার দিকে শটগানের গুলিবর্ষণে প্রকম্পিত হয়ে ওঠে পুরো গ্রাম। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ বহু মানুষ আহত হন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানিয়েছেন, হাসপাতালে আসা ১৪ জনের শরীরেই ছররা গুলির ক্ষত পাওয়া গেছে। এদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর হওয়ায় তাদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকিরা খুলনা ও নড়াইলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিন হালদারের নেতৃত্বে পুলিশের একটি বিশাল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় রক্তক্ষয়ী এই দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়। বর্তমানে গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *