মাগুরা প্রতিনিধি: দেশব্যাপী প্রথমধাপের ৫৩টা নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য দেশব্যাপী খাল খননের উদ্যোগ নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশব্যাপী খালখননের উদ্যোগ নিয়েছে। খাল খনন করা হলে “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”। কৃষকরা ইরি-বোরো মৌসুমে সহজেই সেচ সুবিধা পাবে। খালে সারা বছর পানি থাকলে কৃষক সঠিক সময়ে তাদের জমিতে সেচ দিতে পারবে এবং কৃষি উৎপাদন বাড়বে। তাই দেশের বিভিন্ন জেলায় একযোগে খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যেই সরকার এ উদ্যোগ নিয়েছে। বর্তমান সমাজব্যবস্থা থেকে দুর্নীতি, চাঁদাবাজি, বালুমহল দখল, বাজার দখল ও অনলাইন জুয়া বন্ধ করতে সরকার কাজ করছে। আগামী

পাঁচ বছরের মধ্যে দেশের সব খাল পুনঃখনন করার পরিকল্পনা রয়েছে। যেসব খালগুলো দখলে রয়েছে, সেগুলোর জায়গা মেপে পুনরুদ্ধার করা হবে। “বিএনপি’র লোকও যদি অবৈধভাবে ভালো উত্তোলন করে তাকেও ধরতে হবে।বর্তমান সরকার ব্যর্থ হওয়ার জন্য ক্ষমতায় আসেনি; জনগণকে সঙ্গে নিয়েই দেশের উন্নয়নে কাজ করতে চায়। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শ্রেষ্ঠ দেশে পরিণত করাই সরকারের লক্ষ্য।
নিতাই রায় চৌধুরী বলেন, বালু উত্তোলনের অনিয়মের সাথে দলীয় লোক জড়িত থাকলেও আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন সবার জন্য সমান। দলের নাম ভাঙ্গিয়ে কারোর অবৈধ কর্মকাণ্ডের দায়ভার বিএনপি মেনে নেবে না। এতদিন জনগণ ভোট দিতে পারেনি; দিনের ভোট রাতে দিয়ে গেছে। নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সব ধ্বংস করে একটি অন্ধকার যুগের সৃষ্টি করা হয়েছিল। এ সরকার সব কিছু পুনরুদ্ধার করেছে।
মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন, উপ-বিভাগীয় প্রকৌশলী মুরাদ হোসেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর জামান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ অনেকে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় মোট দেড় শতাধিক খাল রয়েছে। এর মধ্যে চলতি জুন মাসের মধ্যে জেলার ১৬টি খাল পুনঃখননের কাজ করা হবে। এর অংশ হিসেবে মোহাম্মদপুর উপজেলারনারায়ণপুর খালের ৯৫৫ মিটার অংশ খননের মাধ্যমে সোমবার কাজের উদ্বোধন করা হয়েছে।
১৬-০৩-২৬/শরীফ স্বাধীন/মাগুরা।


