বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় রক্তাক্ত ২০

বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় রক্তাক্ত ২০

স্ফুলিঙ্গ ডেক্স : ২৭ মার্চ ২০২৬

​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার সিলোনীয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনীয়া এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘দিদার পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ফেনীর সিলোনীয়া এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বালুভর্তি ট্রাকের পেছনে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপারসহ অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বাসের জানালা ভেঙে আহতদের উদ্ধার করেন। আহতদের দ্রুত ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসের গতি এতোটাই বেশি ছিল যে চালক ব্রেক করার পর্যাপ্ত সময় পাননি।

মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট কাজল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ তদারকি করে। এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি, তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘাতক বাস ও ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

ছবি- সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *