নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে এক নৃশংস হামলার ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ একই পরিবারের নারী ও বৃদ্ধসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়া গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম। এসময় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র বাহিনী অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। রবিউল প্রাণভয়ে চিৎকার শুরু করলে তাঁর বাবা, পরিবারের নারী সদস্য ও প্রতিবেশীরা তাঁকে বাঁচাতে ছুটে আসেন। এসময় ঘাতকরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই ১০ জন রক্তাক্ত জখম হন।
গুলিতে আহত রবিউল ইসলাম (৩৬) ও তাঁর বৃদ্ধ পিতা হাফেজ প্রামাণিকসহ (৭০) মোট ১০ জনকে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আরও রয়েছেন— সোহেল রানা, তমা খাতুন, কামরুল ইসলাম, মুন্নি খাতুন, রুনা খাতুন, মিতা খাতুন, তৌহিদুল ইসলাম ও মেরিনা খাতুন। হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিউলের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীরা কেন বা কী উদ্দেশ্যে এই নৃশংসতা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।ফাইল ছবি।

