বাওড়ে মাছ ধরতে নেমে বিষধর সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু

বাওড়ে মাছ ধরতে নেমে বিষধর সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু

স্ফুলিঙ্গ রিপোর্ট :২৫ মার্চ ২০২৬

নস্তি বাওড়ে মাছ ধরতে নেমে বিষধর সাপের কামড়ে আশিক আহম্মেদ (২৮) নামে পুলিশের এক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে মহেশপুর উপজেলার নস্তি বাওড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আশিক নওগাঁর রাণিনগর উপজেলার ডাকাহারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে ঝিনাইদহ পুলিশ লাইনের এএসআই শাকিল আহম্মেদ, কনস্টেবল আরিফ হোসেন ও চালক আশিক আহম্মেদ মহেশপুরে গাড়ি মেরামত করতে আসেন। কাজ শেষে তারা নস্তি বাওড়ে বড়শি দিয়ে মাছ ধরতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে বাওড়ে নামলে আশিককে বিষধর সাপে কামড় দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. হাবিবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, পুলিশ সদস্যরা গাড়ি মেরামত শেষে বাওড়ে মাছ ধরতে ও গোসল করতে নেমেছিলেন। চিকিৎসকদের মতে, বাওড়ে থাকা কোনো বিষধর সাপ দংশন করায় তার মৃত্যু হয়েছে। মরদেহের পায়ে সাপে কাটার ক্ষত চিহ্ন পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *