স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় প্রতিবেশী এক গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় হাসিবুল হাসান শাকিল (শাকিল) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেপ্তারের পর বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার শাকিল বসুন্দিয়া পুরাতন বাজার এলাকার শেখ জাহাঙ্গীরের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শাকিল দীর্ঘদিন ধরে ওই গৃহবধুর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতেন। তিনি ভুক্তভোগীকে ‘ভাবী’ বলে সম্বোধন করে বিভিন্ন সময় তার বাড়িতে যেতেন এবং মিষ্টি কথার মাধ্যমে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। গৃহবধু বারবার তাকে নিরুৎসাহিত করলেও তিনি বিরত হননি। একপর্যায়ে তিনি ভুক্তভোগীকে কুপ্রস্তাব দেন। বিষয়টি গৃহবধু তার স্বামীকে জানালে তিনি শাকিলকে এমন আচরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।
অভিযোগে বলা হয়, এরপর আরও ক্ষুব্ধ হয়ে ২০২৫ সালের ১১ জুন বিকেলে শাকিল ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তাকে জাপটে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কামড়ে জখম করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। গৃহবধুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, যশোরে শাকিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে। বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন


