চৌগাছা (যশোর) প্রতিবেদকঃ
যশোরের চৌগাছায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। চলতি খরিপ-১ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার মোট ৩ হাজার ২৮০ জন কৃষককে এই সহায়তার আওতায় আনা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ জেড এম ওবাইদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন ও কামাল আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামিম খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষিবৃন্দ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর প্রণোদনা কর্মসূচির আওতায় ৪৫০ জন পাট চাষি, ২৫০০ জন আউশ চাষি, ১৮০ জন তিল চাষি এবং ১৫০ জন মুগ চাষিকে এই সহায়তা প্রদান করা হচ্ছে। প্রত্যেক সুবিধাভোগী কৃষক নির্দিষ্ট পরিমাণ বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, “বর্তমান সরকার কৃষি খাতের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই সরকারি সহায়তার সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি।” তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে ফলন বাড়ানোর আহ্বান জানান।


