শহিদ জয়:
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সহিংস ঘটনায় এক কিশোরসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত থেকে রোববার (৫ এপ্রিল) রাতের মধ্যে এসব হামলার ঘটনা ঘটে। আহতদের সকলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথম ঘটনা: পরকীয়ার জেরে কিশোরকে ছুরিকাঘাত শনিবার রাত দেড়টার দিকে দাইতলা গ্রামে মো. নাহিদ হোসেন হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়েছে। সে লিয়াকত শেখের ছেলে। জানা গেছে, হৃদয়ের ভাগ্নের স্ত্রীর সাথে প্রতিবেশী জুয়েলের (৩০) পরকীয়া সম্পর্ক নিয়ে বিরোধের জেরে এই হামলা ঘটে। জুয়েল ক্ষিপ্ত হয়ে হৃদয়ের বাড়িতে ঢুকে তার বুকে ও হাতে ছুরিকাঘাত করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
দ্বিতীয় ঘটনা: মোটরসাইকেল বিক্রির জেরে হামলা একই ইউনিয়নের ঝুমঝুমপুর রাজ্জাকের মোড়ে হৃদয় (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। অভিযোগ উঠেছে, চুরি করা মোটরসাইকেল বিক্রির টাকার ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে মিরাজ (১৯) নামে এক তরুণ তাকে একাকী পেয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেছেন।
তৃতীয় ঘটনা: মা- ছেলেকে কুপিয়ে জখম এদিকে দাইতলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে আবিরন নেছা (৬০) ও তার ছেলে মো. হানিফ (৩০)-এর ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। স্থানীয়দের দাবি, মনিরুল, আসিফ ও অপুসহ ৫-৬ জনের একটি দল বাড়িতে ঢুকে রড ও ধারালো চাইনিজ কুড়াল দিয়ে মা-ছেলেকে কুপিয়ে জখম করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, ফতেপুর ইউনিয়নের এই ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফাইল ছবি


