স্ফুলিঙ্গ ডেস্ক : ঢাকা থেকে কুমিল্লায় আসার পথে সৌদি আরবের যুবরাজের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ২০ কাটুন খেজুরের হিসাব না পাওয়ার অভিযোগ উঠেছে। কুমিল্লা জেলার জন্য বরাদ্দ প্রাপ্ত খেজুরের মধ্যে ২০ কার্টন উধাও হয়ে গিয়েছে ।
জানা গেছে, কুমিল্লার জেলার জন্য সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে পাওয়া খেজুরের মধ্যে ৫২০ কার্টন বরাদ্দ দেওয়া হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সৌদি যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশে মোট ১২ হাজার ৫০০ কার্টন খেজুর উপহার হিসেবে আসে। এসব খেজুর গত ১ মার্চ জেলা প্রশাসকদের মাধ্যমে জেলাভিত্তিক বণ্টনের জন্য পাঠানো হয়। এর মধ্যে কুমিল্লা জেলার জন্য ৫২০ কার্টন বরাদ্দ দেওয়া হয়।
তবে গত ৮ মার্চ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে কুমিল্লার ১৭টি উপজেলায় খেজুর বিতরণ করা হয় মোট ৫০০ কার্টন খেজুর। কিন্তু বাকি ২০ কার্টনের কোনো স্পষ্ট হিসাব পাওয়া যায়নি। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটিকে তথ্যগত ভুল বলে দাবি করেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী গণমাধ্যমকে বলেন, তাদের কাছে ৫০০ কার্টন খেজুরই পৌঁছেছিল এবং সেগুলোই বিতরণ করা হয়েছে। তিনি দাবি করেন, পরে অধিদপ্তর বরাদ্দের সংখ্যা সংশোধন করে ৫০০ কার্টন করেছে।
তালিকা সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তালিকা নয়, বরাদ্দই ৫০০ কার্টন ছিল এবং সেটিই সংশোধন করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইটে কুমিল্লার জন্য ৫২০ কার্টন খেজুর বরাদ্দের তথ্যই দেখা যাচ্ছে।
উল্লেখ্য,গত মঙ্গলবার (১০ মার্চ) রাতে ফেসবুক লাইভে এসে নিজের এলাকার বিভিন্ন কার্যক্রমের হিসাব তুলে ধরেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ওই লাইভে তিনি জানান, দেবিদ্বার উপজেলায় ৩৯ কার্টন খেজুর পাওয়া গেছে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
তথ্য ও ছবি ইত্তেফাক।


