স্ফুলিঙ্গ ডেক্স :রেলে পাথর ছোড়া যেন থামছেই না! এবার চলন্ত ট্রেনের জানালা ভেঙে পাথরের সরাসরি আঘাতে এক নারী যাত্রীর মাথা ফেটে চৌচির হয়ে গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটের ‘মহানগর প্রভাতী’ ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।
ট্রেনটি যখন কসবা ও ইমামবাড়ি স্টেশনের মাঝামাঝি জায়গায়, ঠিক তখনই বাইর থেকে আসা একটি বড় পাথর বুলেটের গতিতে জানালার কাঁচ চূর্ণ করে ভেতরে ঢোকে। ‘ন’ বগির ৫১ নম্বর সিটে বসে থাকা ওই নারী যাত্রী কিছু বুঝে ওঠার আগেই পাথরটি তার মাথায় আঘাত করে। মুহূর্তের মধ্যেই বগির মেঝে রক্তে ভেসে যায়।
হঠাৎ জানালার কাঁচ ভাঙার শব্দ আর যাত্রীর চিৎকার শুনে পুরো বগিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও এই পাথর আতঙ্ক সাধারণ যাত্রীদের মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। রেলওয়ে পুলিশ বলছে, অপরাধীদের ধরতে তারা তদন্ত শুরু করেছে।
ছবি-সংগৃহীত


