স্ফুলিঙ্গ ডেক্স : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চরম দায়িত্বহীনতার এক লোমহর্ষক ঘটনা ঘটেছে। জ্বরে আক্রান্ত ৫ বছরের এক শিশুকে ভুলবশত কুকুরের কামড়ের প্রতিষেধক (র্যাবিস ভ্যাকসিন) পুশ করেছেন দায়িত্বরত স্বাস্থ্যকর্মী। বুধবার (৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এই ঘটনাটি ঘটে, যা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা যায়, কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার ৫ বছরের শিশুকন্যা আলিফাকে জ্বরের চিকিৎসার জন্য হাসপাতালে আনেন। ঠিক একই সময়ে নাজমুল নামের এক কিশোর কুকুরের কামড়ের চিকিৎসা নিতে জরুরি বিভাগে আসে। কর্তব্যরত চিকিৎসক দুইজনকে আলাদা ব্যবস্থাপত্র দিলেও বিপত্তি ঘটে ইনজেকশন দেওয়ার সময়।
জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ চিকিৎসকের ব্যবস্থাপত্র চেক না করেই ৫ বছরের শিশু আলিফাকে কুকুরের ভ্যাকসিন দিয়ে দেন। ঘটনা জানাজানি হলে শিশুর স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন এবং হাসপাতাল চত্বরে হট্টগোল শুরু হয়।
ভুল স্বীকার করে সেকমো আবু ইউসুফ বলেন, “ভুলবশত এটি হয়েছে, আমি এর জন্য দুঃখিত।” অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান দাবি করেছেন, ভুল ভ্যাকসিন দিলেও শিশুর বড় কোনো ক্ষতি হবে না। তবে দায়িত্বে অবহেলার কারণে অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে শোকজ করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে সন্তুষ্ট হতে না পেরে ভুক্তভোগী পরিবারটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। সচেতন মহলের প্রশ্ন—মানুষের জীবন নিয়ে হাসপাতালের ভেতরে এমন ‘ভুলের’ শেষ কোথায়? ছবি সংগৃহীত।


