স্ফুলিঙ্গ ডেক্স : কারাগার থেকে মুক্তি পেয়ে ঘরে ফেরার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো মহসিন মোল্লা (৩৫) নামে এক যুবকের জীবনে। ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ওত পেতে থাকা প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। সোমবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। মহসিন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের রব মোল্লার সমর্থক।
দীর্ঘদিন মাদক মামলায় কারাভোগের পর সোমবার আদালত থেকে জামিন পান মহসিন। পরিবারের সদস্যদের সাথে দেখা করতে সন্ধ্যায় কারাগার থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া প্রতিপক্ষ বুলু মোল্লার সমর্থকরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
মহসিনের ওপর এই হামলার খবর তার নিজ গ্রাম চরকান্দায় পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারাবির নামাজের পর রব মোল্লার ক্ষুব্ধ সমর্থকরা পাল্টা হামলা চালায়। তারা প্রতিপক্ষ বুলু মোল্লার সমর্থকদের অন্তত চারটি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিতে গেলে নারীসহ আরও ৫ জন আহত হন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এলাকায় দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণেই এই হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফাইল ফটো


