নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের কেশবপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের তড়িৎ পদক্ষেপে ঘটনার মাত্র সাড়ে ৯ ঘণ্টার মাথায় খুলনা থেকে ওই আসামিকে আবারও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে আসামি ছিনিয়ে নেওয়ার এই দুর্ধর্ষ ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মামলায় ২ বছর এবং পারিবারিক সহিংসতার মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেপ্তার করতে হিজলডাঙ্গা গ্রামে অভিযানে যায় কেশবপুর থানা পুলিশ। পুলিশ তাকে আটক করার পরপরই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামাবাসীদের জড়ো করা হয়। এরপর পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ জাহাঙ্গীরকে ছিনিয়ে নিয়ে যায় উত্তেজিত গ্রামবাসী।
ঘটনার পরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামিকে ধরতে বিশেষ অভিযান শুরু করেন। অবশেষে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে পালিয়ে থাকা জাহাঙ্গীর আলমকে আবারও গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম কেশবপুরের হিজলডাঙ্গা গ্রামের আমিন উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলায় আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
কেশবপুর থানা পুলিশ জানায়, আসামি ছিনতাইয়ের এই ন্যাক্কারজনক ঘটনায় পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ।
ছবি-সংগৃহীত


