স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছা থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ২০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু বক্কর সিদ্দিক (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাত ৯টার দিকে চৌগাছা থানাধীন বিশ্বাসপাড়া (ব্র্যাকপাড়া) এলাকার ব্র্যাক অফিসের পাশের গলিতে বাবর আলীর বসতবাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত আবু বক্কর সিদ্দিক চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়া (ব্র্যাকপাড়া) গ্রামের মো. মিজানুর রহমান ও মোছা. জাহানারা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানায় কর্মরত এএসআই মো. মোফাজ্জেল হোসেন সংগীয় ফোর্স নিয়ে থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে বক্করকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শুক্রবার (৩১ জুলাই ২০২৬) আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।


