জাহিদ হাসান সোহান, (যশোর) চৌগাছাঃ
যশোরের চৌগাছায় বিনম্র শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ ২৬শে মার্চ ভোরে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে চৌগাছা সরকারি শাহাদাত পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্যারেড গ্রাউন্ডে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা প্রশাসনের সদস্যবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন।
অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “শহীদদের রক্তে ভেজা এই স্বাধীনতা আমাদের অহংকার। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে এই চেতনার বিস্তার ঘটাতে হবে।”
উপস্থিত সুধীবৃন্দের মধ্যে স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নিয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। কুচকাওয়াজ শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।


