গ্যাস সংকটে অর্ধেকের নিচে বিদ্যুৎ উৎপাদন : ২৬ এপ্রিলের আগে মিলছে না স্বস্তি

গ্যাস সংকটে অর্ধেকের নিচে বিদ্যুৎ উৎপাদন : ২৬ এপ্রিলের আগে মিলছে না স্বস্তি

স্ফুলিঙ্গ ডেক্স :

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে বাধার মুখে দেশে বিদ্যুৎ উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরেছে বিদ্যুৎ বিভাগ। তবে আগামী ২৬ এপ্রিলের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতির আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

​বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা জানান, দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা ১২ হাজার মেগাওয়াটের বেশি হলেও গ্যাসের চরম সংকটে বর্তমানে এর অর্ধেকও উৎপাদন করা যাচ্ছে না। বুধবার দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৫,৭৬৭ মেগাওয়াট, কিন্তু সরবরাহ করা সম্ভব হয়েছে মাত্র ১৩ হাজার মেগাওয়াট। ফলে ২ হাজার মেগাওয়াটের বেশি বিশাল ঘাটতি রয়ে গেছে।

​যুগ্মসচিব বলেন, “জ্বালানি সংকট এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে। তবে আশার কথা হলো, ভারতের আদানি গ্রুপের বন্ধ হওয়া বিদ্যুৎ ইউনিটটি আগামী ২৬ এপ্রিলের মধ্যে সচল হয়ে যাবে।” তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি আমদানিতে জটিলতা তৈরি হওয়ায় চাহিদামতো সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।

​বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সংকট থাকলেও কৃষি ক্ষেত্রে সেচ কাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে এবং শিল্প কারখানায় চাকা সচল থাকে, সেদিকে সর্বোচ্চ নজর দেওয়া হচ্ছে। এজন্য গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিংয়ের সময়সীমায় নতুন করে সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

যুগ্মসচিব দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সরকারের একার পক্ষে এই জাতীয় সংকট মোকাবিলা সম্ভব নয়, সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।” ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *