স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের খড়কী অঞ্চলের বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হওয়া তীব্র জলাবদ্ধতা ও জনভোগান্তি দূরীকরণে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার (১২ জুন ২০২৬) সকালে খড়কী এলাকার ড্রেনেজ ব্যবস্থা সচল ও ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে এই পানি নিষ্কাশন কর্মকাণ্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জনকল্যাণমূলক কাজের শুভ সূচনা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক টানা বৃষ্টি ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ৫নং ওয়ার্ডের খড়কী এলাকার বেশ কিছু নিচু রাস্তাঘাট, বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশ তলিয়ে যায়। দীর্ঘদিন পানি জমে থাকায় এলাকায় মশার উপদ্রব বৃদ্ধিসহ সাধারণ মানুষের যাতায়াত ও দৈনন্দিন কার্যকলাপে চরম দুর্ভোগ ও দুর্দশা নেমে আসে। স্থানীয়দের এই কষ্টের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ড্রেন পরিষ্কার ও পানি নামানোর এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।
আজ সকালে খড়কীর প্রধান ড্রেনগুলোর আবর্জনা ও পলি অপসারণের মাধ্যমে পানি নিষ্কাশন কার্যক্রমের উদ্বোধনকালে জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, “পৌরবাসীর যেকোনো নাগরিক সমস্যা ও ভোগান্তি দূর করতে প্রশাসন সর্বদা আন্তরিক। খড়কী এলাকার নিচু জমি ও ড্রেনগুলোতে পানি জমে যে জনভোগান্তি তৈরি হয়েছে, তা দ্রুত নিরসনে এই পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন সচল করার কাজ শুরু করা হলো। আশা করি, দ্রুতই এই অঞ্চলের পানি নেমে যাবে এবং মানুষ স্বস্তি ফিরে পাবে।” তিনি ড্রেনগুলোতে যত্রতত্র পলিথিন ও ময়লা-আবর্জনা না ফেলার জন্য পৌরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ৫নং ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা পরিষদের প্রকৌশলী ও পরিচ্ছন্নতা কর্মী এবং জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর থেকেই বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী খড়কী এলাকার প্রধান ড্রেনগুলোর প্রতিবন্ধকতা দূর করতে কাজ শুরু করেছেন। ছবি সংগৃহীত।

