স্ফুলিঙ্গ ডেক্স : পাবনার ঈশ্বরদীতে একটি হস্তশিল্প কারখানায় ইফতার খেয়ে অন্তত ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুর এলাকায় অবস্থিত ‘বিডি ক্রিয়েশন’ নামক প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিডি ক্রিয়েশন কোম্পানি তাদের কর্মরত শ্রমিকদের জন্য সোমবার ইফতারের আয়োজন করেছিল। ইফতার করার কিছুক্ষণ পর থেকেই শ্রমিকদের মধ্যে বমি ভাব, তীব্র পেট ব্যথা ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। শুরুতে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে একে ‘ফুড পয়জনিং’ বলে ধারণা করা হচ্ছে। অসুস্থদের প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে অধিকাংশ শ্রমিকের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।
ছবি-সংগৃহীত


