স্ফুলিঙ্গ রিপোর্ট : ২১ মার্চ ২০২৬
ভোরের কুয়াশা ভেদ করে পুব আকাশে সূর্য উঠতেই যশোরের রাজপথে ঢল নামে সাদা পাঞ্জাবি আর টুপিতে সজ্জিত হাজারো মানুষের। গন্তব্য—শহরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এক মাসের দীর্ঘ সিয়াম সাধনা শেষে পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টির আশায় আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় যশোরের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
পুরো ঈদগাহ ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। উপচে পড়া ভিড় সামলে শৃঙ্খলার সাথে নামাজ আদায় করেন শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ। জামাতে ইমামতি ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সাবেক সভাপতি মাওলানা আব্দুল মান্নান। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়।
যশোরের এই প্রধান জামাতে সাধারণ মানুষের সাথে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম,যশোর পৌরসভার প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
নামাজ শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় চিরচেনা কোলাকুলি আর কুশল বিনিময়ের দৃশ্য। ভেদাভেদ ভুলে একে অপরকে জড়িয়ে ধরে ভাগাভাগি করে নেন ঈদের অনাবিল আনন্দ। কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও যশোর উপশহর, কারবালা ও শহরের বিভিন্ন পাড়া-মহল্লার ঈদগাহ ও মসজিদে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে পুরো শহরজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
ছবি-সংগৃহীত


