স্ফুলিঙ্গ ডেক্স :
প্রকাশ্য দিবালোকে ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে ঢাকার ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাহিদা আক্তার ধামরাই সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তাঁর মা একজন প্রবাসী এবং বাবা বরিশালে থাকেন। নাহিদা লাকুড়িয়াপাড়ায় তাঁর নানীর সঙ্গে থাকতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে নাহিদা নিজ ঘরে পড়াশোনা করছিলেন। এ সময় তাঁর নানী পারিবারিক কাজে বাইরে যান। ঘণ্টাখানেক পর নানী ফিরে এসে দেখেন নাহিদা ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কে বা কারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে ও গলায় ধারালো অস্ত্রের গভীর জখম পাওয়া গেছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ছবি সংগৃহীত।


