নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
১০ বছরের এক এতিম শিশুকে ধর্ষণের দায়ে মো. ইব্রাহিম গাজী ওরফে ইব্রা (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সাজাপ্রাপ্ত ইব্রাহিম গাজী কলারোয়া উপজেলার পারিখুপি গ্রামের বাসিন্দা।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ বিকেলে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের ওই শিশুটি ইফতারের বাসন মেজে বাড়ি ফিরছিল। পথে ইব্রাহিম গাজী বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং ইব্রাহিমকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। ওই দিনই শিশুটির নানি বাদী হয়ে কলারোয়া থানায় মামলা করেন।
২০২৫ সালের “বিশেষ শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল”-এর অধীনে সাতক্ষীরায় এটিই প্রথম মামলার রায়, যা অত্যন্ত স্বল্প সময়ে সম্পন্ন হয়েছে। চার্জশিট দাখিল ও সাক্ষ্য গ্রহণ শেষে মাত্র কয়েক মাসের ব্যবধানে এই রায় প্রদান করা হলো। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) শেখ আলমগীর আশরাফ বলেন, “দ্রুত বিচার সম্পন্ন হওয়া বিচারপ্রার্থীদের জন্য একটি মাইলফলক। আমরা ন্যায়বিচার পেয়েছি।”
রায় ঘোষণার সময় আসামি ইব্রাহিম গাজী আদালতে উপস্থিত ছিলেন। সাজা ঘোষণার পরপরই কড়া পুলিশি পাহারায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, ঘটনার দিন থেকেই আসামি জেলহাজতে আটক ছিলেন।
প্রতীকী-ছবি

