স্ফুলিঙ্গ ডেক্স : রাজধানীর উত্তরায় ঈদের কেনাকাটা করতে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। ছিনতাইকারীর ব্যাগ ধরে দেওয়া হ্যাঁচকা টানে চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী লিমন হোসেন জানান, তারা দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় ভাড়া থাকেন। সকালে তার স্ত্রী ব্যাটারিচালিত রিকশায় করে মিরপুর পল্লবীর একটি মার্কেটে যাচ্ছিলেন। রিকশাটি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার থেকে ছিনতাইকারীরা মুক্তার হাতে থাকা ব্যাগ ধরে সজোরে টান দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় পড়ে যান। তার কপাল ও মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়। প্রথমে তাকে উত্তরা আধনিক হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসা বিলম্বিত হওয়ায় স্বজনরা তাকে টঙ্গী আহসানউল্লাহ মেডিকেল ও পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সবশেষে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মুক্তা আক্তারের গ্রামের বাড়ি বরগুনার সোনাপাড়া গ্রামে। মাত্র দুই বছর আগে লিমনের সাথে তার বিয়ে হয়েছিল।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তুরাগ থানা পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে।
ছবি-সংগৃহীত


