ইউএনও যখন ছদ্মবেশী যাত্রী ! অতিরিক্ত ভাড়া চাইতেই চালকের দণ্ড

ইউএনও যখন ছদ্মবেশী যাত্রী ! অতিরিক্ত ভাড়া চাইতেই চালকের দণ্ড

নিজস্ব প্রতিবেদক, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এক অভিনব অভিযান চালিয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। বুধবার (১৮ মার্চ) বিকেলে সাধারণ যাত্রী সেজে মাহেন্দ্র চালকদের কাছে ভাড়ার কথা জানতে চাইলে অতিরিক্ত ভাড়া দাবি করায় দুই চালককে হাতেনাতে ধরে জরিমানা করা হয়।

জানা গেছে, দৌলতদিয়া ফেরিঘাট ও বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত পরিদর্শনে যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও সাথী দাস। এসময় তিনি কোনো প্রোটোকল ছাড়াই সাধারণ পোশাক ও যাত্রী বেশে মাহেন্দ্র স্ট্যান্ডে গিয়ে ভাড়ার কথা জানতে চান। ঈদকে পুঁজি করে দুই চালক তাকে সাধারণ যাত্রী ভেবে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা দাবি করেন। মুহূর্তেই নিজের পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও।

অতিরিক্ত ভাড়া চাওয়ার অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী দুই মাহেন্দ্র চালককে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাসের দুইজন যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকাও তাৎক্ষণিক উদ্ধার করে যাত্রীদের ফেরত দেওয়ার ব্যবস্থা করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, “যাত্রীরা যেন নির্বিঘ্নে এবং কোনো ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারেন, সেজন্য উপজেলা প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করছে। ভাড়ার ক্ষেত্রে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না এবং এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।”

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *