স্ফুলিঙ্গ রিপোর্ট :যশোর শহরের সুতিঘাটা এলাকায় আবারো এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ৮টার দিকে ছিনতাইকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন আলমগীর (৪০) নামে এক রিকশাচালক। অভিযোগ উঠেছে, তাকে নৃসংশভাবে হত্যা করে তার রিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নিহত আলমগীর যশোর শহরের চাঁচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলীর ছেলে। বর্তমানে তিনি ঝুমঝুমপুর এলাকায় একটি ভাড়া বাসায় সপরিবারে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, রাতে সুতিঘাটা এলাকা দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। পথচারীরা তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার হাসিব আলী হাসান জানান, মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
সুতিঘাটা এলাকার বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র কয়েকদিন আগেও ঠিক একই স্থানে একইভাবে একজনকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে একই জায়গায় আবারও এমন খুনের ঘটনায় পুরো এলাকায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানিয়েছেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধারে পুলিশি অভিযান শুরু হয়েছে।
১৬ মার্চ, ২০২৬ ছবি ভিডিও থেকে নেয়া।


