সাতক্ষীরা প্রতিনিধি: দুধের আসল পুষ্টিগুণ ‘ক্রিম’ তুলে নিয়ে সেখানে পামঅয়েল আর খাবার সোডা মিশিয়ে কৃত্রিম দুধ তৈরির এক ভয়ানক জালিয়াতির প্রমাণ পেয়েছে প্রশাসন। এই অপরাধে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের দুগ্ধ ব্যবসায়ী রতন মাঝিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে রতন মাঝির বাড়িতে এই ঝটিকা অভিযান চালায়। অভিযান চলাকালে তার ঘর থেকে ১২০ লিটার ভেজাল মিশ্রিত দুধ, ১৪ লিটার পামঅয়েল এবং ২ কেজি খাবার সোডা উদ্ধার করা হয়। সাজাপ্রাপ্ত রতন মাঝি ওই গ্রামের বাসুদেব মাঝির ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি আসল দুধ থেকে ক্রিম আলাদা করে তা চড়া মূল্যে বিক্রি করতেন এবং অবশিষ্ট তরলের সাথে পামঅয়েল ও সোডা মিশিয়ে সাধারণ মানুষের কাছে দুধ হিসেবে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিল হোসেন তামিমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত ও ভোক্তা অধিকার দপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত

