নিজস্ব প্রতিবেদক,মেহেরপুর :
মেহেরপুর শহরের শেখ পাড়ায় পারিবারিক কলহ ও পূর্ব বিরোধের জেরে রিকশাচালক গোলাম হোসেনকে (৪৫) তার স্ত্রীর সামনেই কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন ওই এলাকার রিয়াসিন আলীর ছেলে।
মেহেরপুর থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ঘটনার সময় গোলাম হোসেন নিজ বাড়িতে গোসল করছিলেন। এসময় তার আপন খালাতো ভাই কালু হঠাৎ পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। নিহতের স্ত্রী আলিয়া খাতুন বাধা দেওয়ার চেষ্টা করলেও তার সামনেই এই হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক নারীর সঙ্গে অভিযুক্ত কালুর পরকীয়া সম্পর্ক নিয়ে এলাকায় উত্তেজনা ছিল। গত রোববার একটি তুচ্ছ ঘটনায় গোলাম হোসেনকে মারধর করা হয়েছিল, যা পরে স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়। তবে সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে কালু ও সংশ্লিষ্ট ওই নারী পলাতক রয়েছেন। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। ছবি সংগৃহীত।

